
চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পংকজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীলও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বোরকা পরিহিত একজনসহ তিনজনকে রাস্তার পাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন পংকজ শীল ও তিলক শীল। এ সময় তারা ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন পংকজ ও তিলক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীলের মৃত্যু হয়।
অপরদিকে আহত তিলক শীলকে হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আবিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :