পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখ-এর ছেলে ওমর ফারুক (২) এবং তার বড় ভাই আবু বক্কর (৫)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে ঘুমিয়ে পড়েন তাদের মা ডলি বেগম। এ সময় আবু বক্কর ও ওমর ফারুক বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

কিছু সময় পর ঘুম থেকে উঠে সন্তানদের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় বাড়ির আশপাশে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। স্থানীয়রা শিশু দুটিকে দ্রুত নড়াইল জেলা হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, কিছুক্ষণ আগেও দুই ভাই একসঙ্গে খেলাধুলা করছিল। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় সবাই স্তম্ভিত।

স্থানীয় সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের চারপাশে সুরক্ষাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ছোট শিশুদের সবসময় অভিভাবকদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন তারা।