পাটগ্রামে লালমনিরহাট চেম্বার সভাপতি পদপ্রার্থী মোকছেদুর রহমানের প্রার্থী পরিচিতি সভা


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
পাটগ্রামে লালমনিরহাট চেম্বার সভাপতি পদপ্রার্থী মোকছেদুর রহমানের প্রার্থী পরিচিতি সভা

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে জেলা জুড়ে নির্বাচনী উত্তেজনা বেড়েই চলেছে। এই ধারাবাহিকতায় গত মঙ্গলবার পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে সভাপতি পদপ্রার্থী মোকছেদুর রহমানের নির্বাচনী প্রচারণা ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ ভোটারদের উষ্ণ সাড়া মিলেছে। পাটগ্রাম উপজেলা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকছেদুর রহমান নিজেই, যেখানে তিনি তাঁর নির্বাচনী পরিকল্পনা এবং ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান এবং লালমনিরহাটের প্রখ্যাত ব্যবসায়ী আলহাজ্ব গোফরান হোসেন মিয়া।

মোকছেদুর রহমান তাঁর বক্তব্যে জানান, নির্বাচিত হলে তিনি চেম্বারকে একটি আধুনিক, গতিশীল এবং ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাণিজ্যের প্রসার এবং স্থানীয় শিল্প উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনও তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। বক্তারা বলেন, লালমনিরহাট চেম্বারের সার্বিক উন্নয়ন এবং জেলা পর্যায়ের আমদানি-রপ্তানি বাণিজ্যকে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব অপরিহার্য। তারা সকলকে একজোট হয়ে নির্বাচনে প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাজু, শাহাআলম প্রধান শাহিন ও দেলোয়ার হোসেন রাজু।

পাটগ্রামসহ পুরো জেলায় ব্যবসায়ীদের মধ্যে এখন নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা চরমে। স্থানীয় ভোটারদের মতে, আজকের প্রার্থী পরিচিতি ও প্রচারণা সভা মোকছেদুর রহমানের নির্বাচনী প্রচারণাকে একটি নতুন মাত্রা দিয়েছে।