দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৮ জুন সকালে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আকস্মিকভাবে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় আমিনবাজার রাজস্ব সার্কেলের আটজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনার (ভূমি)সহ ছয়জনকে নির্ধারিত সময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যায়নি। তারা দেরিতে কর্মস্থলে উপস্থিত হন, যা সরকারি অফিসে সময়ানুবর্তিতা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২ মার্চ ২০২৬ তারিখের পরিপত্রের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সরকারি অফিসে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নিয়মিত ও আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি সেবার মান উন্নয়নে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তাদের অনুপস্থিতি প্রশাসনিক শৃঙ্খলার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ঘটনার পর সরকারি দপ্তরগুলোতে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে আরও কঠোর নজরদারি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।