
ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর ট্রেনটির লাইনচ্যুত পাওয়ার কারটি ঘটনাস্থলে রেখে বাকি অংশ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ওসি আকতার হোসেন বলেন, লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। পাওয়ার কারটি উদ্ধার করে লাইন সচল করা গেলে পুনরায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
লাইনচ্যুতির ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :