
নওগাঁর বদলগাছি উপজেলায় একটি ছাগল চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে এক দম্পতিও রয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বারাতৈল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার নওগাঁর মো. হারুনের ছেলে মো. শহীদ (৩৮), তার স্ত্রী মোসা. জেসমিন খাতুন (৩০) এবং রজকপুর ধোপাপাড়ার মো. লটুয়ার ছেলে সাগর ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে বদলগাছি থানার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের বাড়ির উঠান থেকে একটি ছাগল চুরি হয়। ছাগলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তারা ধাওয়া দেন।
এ সময় ঘটনাস্থলে টহলরত বদলগাছি থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তৎপরতায় বারাতৈল এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহযোগিতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে চোর চক্রটিকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জেলাজুড়ে চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :