‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো?’ বিএসএফকে বিজিবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো?’ বিএসএফকে বিজিবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বুধবার (১০ জুন) সকালে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। বিষয়টি টের পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা এবং স্থানীয়রা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

স্থানীয় সূত্র জানায়, বাধার মুখে ওই ব্যক্তি নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার প্রসঙ্গ তুললে বিজিবি সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং কঠোর অবস্থান নেন।

বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখেই ফিরে যায়। পরে কয়েক দফায় তাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের কারণে তা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই পুশ-ইনের চেষ্টা চলছে। আজ সকালে এক ব্যক্তিকে শূন্যরেখায় ঠেলে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।