
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৪০ সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি একটি আকাশমনি বাগান পরিষ্কার করতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন ওই যুবক। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
পরে তার সঙ্গে থাকা ছোট ভাই দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর সি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আনু মিয়া। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি সীমান্তবর্তী দুর্গম এলাকায় ঘটেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।
এদিকে এ ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত ২৪ মে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হন। ধারাবাহিক এসব ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় চলাচল ও কাজ করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :