কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় থ্রি-হুইলার চালকরা ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, অবৈধ থ্রি-হুইলার আটক করার পর প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং বড় ধরনের অচলাবস্থা এড়ানো সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।