শেরপুরে নিখোঁজ ৬ মাদরাসা ছাত্রের ৩ জন উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজ ৬ মাদরাসা ছাত্রের ৩ জন উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হওয়া ৬ মাদরাসা শিক্ষার্থীর মধ্যে ৩ জনকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হয়। এরপর বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরপরই পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে সোমবার সন্ধ্যার পর ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজের কারণ এবং তারা কীভাবে ওই এলাকায় পৌঁছেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তবে পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।