
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাতজন বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরা ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর থানার নইগাঙ এলাকার দুই ভাই মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। দীর্ঘদিন ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা কারাগারে সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের ইমিগ্রেশন ও পুলিশ কর্তৃপক্ষের উপস্থিতিতে সাতজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রহণ করা হয়। পরে তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :