
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ্র করে। দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বি লিয়াকতকে ‘গাঁজাখোর’ বলে গালি দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাদেন উত্তেজিত হয়ে রাব্বিকে চড়-থাপ্পড় দেয়।
এর কিছুক্ষণ পর লাদেন একা সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে ছিল। সেই সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন দিক থেকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান জানান, রাত ৯টার দিকে লাদেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে রক্তক্ষরণ বন্ধ ও অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হলেও তার আগেই তিনি মারা যান। ইসিজি পরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :