
ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে লক্ষ্মী রানী (৩০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন অধিকারী (৪০)–কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ভোররাতে ওই নারীর মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা। আটক স্বপন অধিকারীও একই জেলার সখিপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে স্বপনের সঙ্গে লক্ষ্মী রানী ধামরাইয়ের কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে যান। সেখানে রাতের কোনো এক সময় তাদের মধ্যে বিরোধ ও মনোমালিন্য দেখা দেয়। পরে স্বপন কৌশলে ঘর থেকে বের হয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ঘরের ভেতর ওড়না প্যাঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :