
ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাজিব নামে আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নাহিয়ান রবিন তার বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদ ডাকবাংলোতে জন্মদিন পালন করেন। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শিলাসী মাজার রোড এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী ৫–৬ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় রাজিব নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :