নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিধান কান্তি হালদার


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিধান কান্তি হালদার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিধান কান্তি হালদার। তিনি সদ্য বিদায়ী ইউএনও মো. জিল্লুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এর আগে তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা জেলার সন্তান বিধান কান্তি হালদার ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নবাবগঞ্জ উপজেলাকে একটি সমৃদ্ধ, উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলায় পরিণত করতে আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।