নদীতে গোসলে নেমে মুন্সীগঞ্জে নিখোঁজ নারী, ১৬ ঘণ্টা পর চাঁদপুরে উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
নদীতে গোসলে নেমে মুন্সীগঞ্জে নিখোঁজ নারী, ১৬ ঘণ্টা পর চাঁদপুরে উদ্ধার

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ওই নারীর নাম জাহানারা বেগম (৪৮)। তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের বাসিন্দা এবং মৃত সেন্টু শেখের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে যে, মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও তল্লাশি কার্যক্রমে যোগ দেয়। নদীতে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে নতুন করে অভিযান শুরুর প্রস্তুতির সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে জানান, তার মা চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

পরিবারের সদস্যরা জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। কীভাবে তিনি নদীপথে ভেসে চাঁদপুর পর্যন্ত পৌঁছালেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের চলমান উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।