
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং এক নারী ও তার স্কুলছাত্রী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার সিকদারপাড়া ডলুনিঘোনা এলাকায়। পরে মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) এবং মোহাম্মদ তারেক (২৬)।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ও চকরিয়া থানার একাধিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা নারী ও তার মেয়ের ওপর সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা জানান, মেয়েটির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে কয়েকজনকে ভুক্তভোগীরা ঘটনাটির সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছেন। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের চিকিৎসা, মেডিকেল পরীক্ষা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :