
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ রসুল ওরফে রফিকুল (২৪)। সোমবার (৮ জুন) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি তার ফেসবুক আইডিতে জাইমা রহমানের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর লেখা পোস্ট করেন। বিষয়টি নিয়ে এলাকায় ও অনলাইনে সমালোচনা শুরু হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ফেসবুকে করা ওই পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং মামলার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :