কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে আসামিদের বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় সোমবার (৮ জুন) একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে আরও একজন মারা যান।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেলে পাবনার ভাঁড়ারা এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৪ জুন মরদেহ দাফন করা হয়। এরপর দাফনের পর উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে কোনো আসামি উপস্থিত ছিলেন না। দগ্ধরা ছিলেন আশপাশের প্রতিবেশী ও উৎসুক জনতা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার একজন এবং মঙ্গলবার দুইজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে, পাশাপাশি অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।