এবার বাগেরহাটে ধর্ষণের শিকার ছয় বছরের শিশু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
এবার বাগেরহাটে ধর্ষণের শিকার ছয় বছরের শিশু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। একই সঙ্গে শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত রোববার (৭ জুন) দুপুরে সে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক একটি ঘরের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।