ঋণের টাকায় ‘তেলেসমাতি’ আর্জেন্টিনাভক্ত ভ্যানচালকের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
ঋণের টাকায় ‘তেলেসমাতি’ আর্জেন্টিনাভক্ত ভ্যানচালকের

বিশ্বকাপ ফুটবল এলেই বদলে যায় তার জীবন। নাম সুমন, তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে তিনি বেশি পরিচিত ‘মেসি সুমন’ নামে। আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা আর ফুটবল উন্মাদনায় তিনি এবারও করেছেন ব্যতিক্রমী আয়োজন।

আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জায় নিজের বসতিপাড়া সাজিয়ে তুলছেন এই ভ্যানচালক। দূর থেকে দেখলে পুরো এলাকাটিকে যেন ছোট্ট একটি আর্জেন্টিনা গ্রাম মনে হয়। তবে এই আয়োজনের পেছনের গল্পও কম বিস্ময়কর নয়। আর্জেন্টিনাকে সমর্থন জানাতে তিনি স্ত্রী আরতি রাণী ও ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সেই অর্থ ব্যয় করছেন পতাকা, ব্যানার, রং ও বিভিন্ন সাজসজ্জার কাজে।

শুধু সাজসজ্জাই নয়, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করে আপ্যায়নের পরিকল্পনাও রয়েছে তার। নিজস্ব কোনো জমিজমা নেই সুমনের। সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। জীবিকা নির্বাহ করেন ভ্যান চালিয়ে। সংসারে অভাব থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে থামাতে পারেনি।

সুমন বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই চেষ্টা করি কিছু করতে। এখন সবাই আমাকে সুমন না, ‘মেসি সুমন’ নামেই চেনে। তার স্ত্রী আরতি রাণী বলেন, সংসারে কষ্ট থাকলেও বিশ্বকাপ এলে তিনি সবকিছু ভুলে যান। ঋণ করে এসব করা পাগলামি মনে হলেও আমি মেনে নিয়েছি।

স্থানীয়দের ভাষ্য, সুমন অত্যন্ত দরিদ্র হলেও বিশ্বকাপ এলেই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আয়োজন করেন। এজন্যই এলাকায় তিনি ‘মেসি সুমন’ নামে পরিচিত। ফুটবলকে ঘিরে এমন আবেগ আর ভালোবাসাই তাকে করে তুলেছে এলাকাবাসীর কাছে এক ব্যতিক্রমী পরিচিত মুখ।