
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে যাত্রীবাহী একটি লোকাল বাস উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে চিৎকার ও আহাজারি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :