পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কুলাদি এলাকার জাহিদ হাসানের ছেলে আলিফ হাসান (৮) এবং আতাইকুলা থানার শ্রীকল এলাকার বাশার শেখের ছেলে বাকী বিল্লাহ (৩৫)। আহত আঁখি খাতুন (৩০) আলিফের মা ও জাহিদ হাসানের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আঁখি খাতুন তার ছেলে আলিফকে নিয়ে একটি সিএনজি অটোরিকশায় রূপপুর এলাকা থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আঁখির কোল থেকে শিশু আলিফ ছিটকে মহাসড়কে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক বাকী বিল্লাহ শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ ও মোটরসাইকেল চালক বাকী বিল্লাহর মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা আঁখি খাতুনও সড়কে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচল এবং অসতর্ক চালনার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।