
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর তুহিন হাওলাদার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।
সোমবার (৮ জুন) দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের বাবা মনির হাওলাদার ও মা শেফালী বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ২০২৫ সালের শেষ দিকে শেফালী বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তার বাবা কারাগারে যান। সর্বশেষ কোরবানির ঈদের আগে তিনি আবারও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে তুহিনের মা বর্তমানে দক্ষিণ চরমোন্তাজে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের তিন সন্তানের মধ্যে তুহিন ছিল বড় এবং সে বাড়িতে একাই থাকত বলে জানা গেছে। তার দুই ছোট বোন মায়ের সঙ্গে নানা বাড়িতে ছিল।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা ঘরে গিয়ে তুহিনকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল নাকি বন্ধ ছিল—এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তুহিনের মা শেফালী বেগম বলেন, তিনি ছেলের সঙ্গে কোনো কথা বলতে পারেননি এবং মোবাইল ফোনও বন্ধ ছিল। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, পারিবারিক বিরোধের কারণে বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না এবং বিষয়টি নিয়ে আগেও একাধিকবার সালিশ হয়েছে।
আপনার মতামত লিখুন :