
বরগুনার গৌরীচন্না এলাকা থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম স্থানীয় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তারা জানান, রোববার (৭ জুন) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। এতে সন্দেহ হলে খালে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির নিচ থেকে শামীমের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, ডিবি পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম বলেন, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :