ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেললাইনের পাশে মিলল আরেক মরদেহ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেললাইনের পাশে মিলল আরেক মরদেহ 

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মিরহামজানী এলাকায় পৃথক এ ঘটনাগুলো ঘটে।

নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তা তার স্বামী সুজন ও ৭ বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে একই এলাকায় রেললাইনের পাশ থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই নারীকে প্রায় তিন দিন আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হতে পারে। মরদেহে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অজ্ঞাত নারীর মরদেহটিও ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।