কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

কিশোরগঞ্জের কটিয়াদীতে শতবর্ষী এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে ঢাক-ঢোল বাজানো ও নাচের আয়োজনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত পরিবর্তন করে প্রচলিত নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করেন।

রোববার (৭ জুন) দুপুরে কটিয়াদী পৌর এলাকার পূর্ব কাহেতেরটেকি মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে ১০০ বছর বয়সী শামসুদ্দিনের মৃত্যু হলে পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নেন। এ সময় ঢাক-ঢোল বাজানো এবং কিছু মানুষের নাচের দৃশ্য দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।

জানা গেছে, মরহুম শামসুদ্দিন ও তার পরিবার নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলী রিজভীর অনুসারী ছিলেন। পরিবারের দাবি, মরহুমের জীবদ্দশার শেষ ইচ্ছা অনুযায়ী তারা এমন আয়োজন করেছিলেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় আলেম মাওলানা তোফাজ্জল হক রাশেদী, মাওলানা মোবারক হোসাইন, মো. জহিরুল ইসলাম ও মো. সোহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সঙ্গে আলোচনা করেন। পরে ধর্মীয় ব্যাখ্যা ও পরামর্শের পর তারা পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

পরে স্বাভাবিক নিয়মে জানাজা সম্পন্ন করে মরদেহ দাফন করা হয়। স্থানীয় মাওলানা তোফাজ্জল হক রাশেদী বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি বোঝানো হলে তারা তা মেনে নেন এবং পরে প্রচলিত নিয়মেই দাফন সম্পন্ন হয়। মরহুমের দুই ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন জানান, বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই তারা এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন। তবে পরবর্তীতে আলেমদের পরামর্শে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে জানা গেছে। তবে কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করায় বিষয়টি সরাসরি আইনগতভাবে আসেনি। এরপরও পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।