
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজ চলছিল। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও যুবক এতে অংশ নেন। কবরের কাজ শেষ হওয়ার পর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরাতে গেলে সেটি ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করে।
মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :