আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ২১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ২১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জুন) রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘ডেভিল হান্ট’ অভিযানের মামলার চারজন আসামি রয়েছেন। এছাড়া জুয়া, মাদক ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগে আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেভিল হান্ট মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যুবলীগের রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জসীম (৪৫), সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা (৩৬), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৪) এবং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. রফিকুল হক (৫৯)।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। একই অভিযানে জুয়া, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।