সিরাজগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোছা. সাবিয়া খাতুন (২২) নামে এক স্বামী পরিত্যক্তা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিয়া খাতুন ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদ হওয়ায় তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর থেকে সাবিয়া খাতুন মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। শনিবার (৬ জুন) রাতে পরিবারের সদস্যরা খাবারের জন্য তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা তার ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সাবিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত তাড়াশ থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সাবিয়া খাতুনের বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে কলহ ও মানসিক চাপ ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের অনেকেই তরুণীর এমন মৃত্যুকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।