
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি তেলবাহী মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী ট্রেনগুলোকে সাময়িকভাবে অপেক্ষা করতে হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন সচল করতে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত বগিগুলো সরিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল চালু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :