স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ সদর উপজেলার আমুড়িয়া ইউনিয়নের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ পরিবারসহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রী মিমের বাড়ি বরিশালের ঝালকাঠিতে। ঈদুল আজহার আগে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পর থেকে তাদের দাম্পত্য কলহ বেড়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্বজন ও প্রতিবেশীদের দাবি, জিহাদের কোনো স্থায়ী পেশা ছিল না। আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। তাদের কোনো সন্তান ছিল না।

রোববার সকালে জিহাদ নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পারিবারিক ও দাম্পত্য জটিলতার কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।