
মায়ের মুখ শেষবারের মতো দেখতে যাওয়ার পথে ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে প্রাইভেটকারটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমা বেগমের মা সম্প্রতি মারা যান। মায়ের মরদেহ শেষবারের মতো দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের মুখ দেখা আর হলো না তার। পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :