মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কোরআনের আয়াত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কোরআনের আয়াত

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কওমি মাদরাসার আসবাবপত্র ও খাদ্যসামগ্রীসহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। তবে আগুনের পর একটি তাক থেকে উদ্ধার হওয়া পবিত্র কোরআনের কয়েকটি কপির ভেতরের পাতাগুলো অক্ষত থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে পঞ্চগড় শহরের দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদরাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মাদরাসার আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর দেখা যায়, একটি তাকের মধ্যে রাখা পবিত্র কোরআনের বাইরের মোড়ক ও কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের পাতাগুলো তুলনামূলকভাবে অক্ষত রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “সবকিছু পুড়ে গেলেও কোরআনের পাতাগুলো অক্ষত থাকা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে।”

মাদরাসার শিক্ষক রমজান আলী বলেন, “অগ্নিকাণ্ডে মাদরাসার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোরআনের পাতাগুলো অক্ষত দেখতে পেয়ে আমরা আবেগাপ্লুত হয়েছি।”

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটির বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।