
নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে। েআটক ব্যক্তিরা হলেন—হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে রোববার সকালে হায়দার আলী শাহ তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিরোধপূর্ণ জমিতে যান এবং সেখানে হালচাষ শুরু করেন।
এ সময় নিজের ভোগদখলীয় জমিতে হালচাষে বাধা দিতে গেলে আব্দুল হামিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হায়দার আলী ও তার সহযোগীরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হামিদ।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, জমিটি দীর্ঘদিন ধরে আব্দুল হামিদের দখলে ছিল। তবে হায়দার আলী দলবল নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে আব্দুল হামিদের ওপর হামলা চালানো হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :