পঞ্চগড় সীমান্তে তিনদিন ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন, সমাধান মেলেনি


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
পঞ্চগড় সীমান্তে তিনদিন ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন, সমাধান মেলেনি

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি টানা তিনদিন ধরে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছেন। বিএসএফের পুশইন চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতির এখনো কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

রোববার দুপুরে সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় তিন শিশু, দুই নারীসহ ১০ জন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। প্রচণ্ড রোদ ও প্রতিকূল পরিবেশে তারা মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্র এবং বিজিবি জানায়, গত শুক্রবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এরপর থেকে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

রোববার দুপুরে বিএসএফ আবারও ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে বিএসএফ সদস্যরা পিছু হটে যায়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিজিবি ও বিএসএফ নিজ নিজ অবস্থানে সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।