
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় হালদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সঞ্জয় হালদার উপজেলার চৌডালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার সাধু হালদারের ছেলে। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। ঘটনার সময় তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা সঞ্জয়কে আটক করেন। একপর্যায়ে তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর আদালতে জবানবন্দি গ্রহণ এবং ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :