নিজ বাড়িতে পৌঁছেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
নিজ বাড়িতে পৌঁছেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার (৭ জুন) সকালে মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও শোকে ভারী হয়ে ওঠে সাতক্ষীরার দুই গ্রাম।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম-এর মরদেহ সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে তার বাড়িতে পৌঁছায়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার অ্যাম্বুলেন্সে মরদেহটি আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

একই সময়ে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে পৌঁছে দেওয়া হয় নাহিদুল ইসলাম-এর মরদেহ। তিনি আব্দুল কাদের-এর ছেলে। জানা গেছে, গত ১১ মে লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস, বৈরুত-এর সহযোগিতায় মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়। দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ প্রতিটি পরিবারের জন্য ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা নিহতদের জন্য বিচার ও শান্তি কামনা করেছেন এবং প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।