ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধরা ৪৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধরা ৪৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি যানবাহনে করে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করেই মহাসড়কে নেমে ঝটিকা মিছিল শুরু করেন। প্রাথমিকভাবে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে মাটিয়ারা এলাকায় মিছিলটি করা হয় বলে জানা গেছে।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধাওয়া করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে। এ সময় ব্যবহৃত কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের ঝটিকা মিছিল বের করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

তিনি আরও জানান, মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। আটকদের নাম–পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।