জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি 

ভারত থেকে বাংলাদেশে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা মোকাবিলায় জামালপুর সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল, স্থানীয়দের সম্পৃক্ততা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সীমান্তরক্ষী বাহিনী।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার প্রায় ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ এবং বিশেষ করে পুশইন প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। এতে সীমান্তের শূন্যরেখা এলাকায় প্রবেশ না করা এবং সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি বিজিবির টহল কার্যক্রম আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। দিন ও রাতের বিভিন্ন সময়ে সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে তারা মনে করছেন।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হচ্ছে। আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত সীমান্তের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।” সীমান্ত নিরাপত্তা জোরদারের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।