জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

জামালপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক ড্রাইভার (৪০) লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি নিয়ে আব্দুল হক এবং তার ভাতিজা আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুস সালাম ও তার সহযোগীরা আব্দুল হকের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানা গেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।