চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই মিছিলের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের চেষ্টা করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কার্তুজের খোসা এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে সংঘটিত ঝটিকা মিছিলকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।