‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একে অপরের স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং এক ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দিয়েছেন স্থানীয় কিছু বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একই এলাকায় একটি এনজিওতে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরার বাসিন্দা রাজু মিয়া। কাজের সুবাদে একই এলাকায় বসবাসের কারণে তাদের মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে রাজু মিয়ার সঙ্গে হাসানের স্ত্রী জহুরা আক্তারের সম্পর্ক তৈরি হয় এবং গত ৭ মে তারা একসঙ্গে এলাকা ছেড়ে চলে যান।

এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসান। তিনি দাবি করেন, চলতি মাসের ৪ জুন তিনি সাতক্ষীরা থেকে রাজু মিয়ার স্ত্রী মরিয়মকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে এসে বিয়ে করেছেন। হাসান বলেন, “ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে প্রতিশোধমূলক ঘটনা হিসেবে দেখলেও অনেকে একে সামাজিক অস্থিরতার উদাহরণ হিসেবে মন্তব্য করছেন। স্থানীয়দের একটি অংশ আবার হাসানকে সংবর্ধনা দেওয়ারও ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। বাঁশতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান সিরাজ জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় কোনো পক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ বা আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো চরম কৌতূহল ও আলোচনার পরিবেশ বিরাজ করছে।