এবার আর্জেন্টিনা সমর্থকদেরকে ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
এবার আর্জেন্টিনা সমর্থকদেরকে ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা 

ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিসিএস ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য নিজের ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডা. শরীফ। তার পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে এবং বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।

ফেসবুক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনা দলের খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা থাকবে। আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে চেম্বারে আসা রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যার পরামর্শ নিতে পারবেন। এছাড়া প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।

ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং নিজের প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। তার ভাষ্য, “খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি।”

তিনি আরও বলেন, “আমরা সবাই আমাদের পছন্দের দলকে সমর্থন করি। তবে একই সঙ্গে নিজেদের স্বাস্থ্য এবং সুন্দর হাসির যত্ন নেওয়াটাও জরুরি। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের সবার কাম্য।”

উল্লেখ্য, কয়েকদিন আগে পটুয়াখালীর এক চিকিৎসক আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসা রোগীদের অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন। এরই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ডা. শরীফ হোসাইন।

তার এই উদ্যোগকে অনেকেই অভিনব ও প্রশংসনীয় হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।