
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমানের মৃত্যুর খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার বড় বোন রাশিদা খাতুনের মৃত্যু হয়েছে। একই দিনে ভাই-বোনের মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৭ জুন) দুপুরে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র মো. আনিছুর রহমান (৬২) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন এবং শেষ সময়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
এর কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছালে শ্রীপুরে থাকা বড় বোন রাশিদা খাতুন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনিছুর রহমানের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই রোববার দুপুরে তার মৃত্যু হয়।
আনিছুর রহমান রাজনৈতিক জীবনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন এবং পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর তিনি প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আরও তিনবার নির্বাচিত হন। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের পরিবেশ বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একই দিনে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে শোক ও আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :