ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় একটি দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করায় ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ এটিকে সরানোর চেষ্টা করছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার, বিজয় এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে আছে।