ভালুকায় গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ভালুকায় গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ, অতঃপর…

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোসলের সময় এক নারীর গোপন ভিডিও ধারণ এবং তা প্রচারের অভিযোগে মো. হাসান মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া হাসান মিয়া যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিলজিলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী (২১) এবং অভিযুক্ত হাসান মিয়া একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই নারী টিনশেড বাথরুমে গোসল করতে যান। এ সময় বাথরুমের টিনের চালের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করেন হাসান।

একপর্যায়ে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী নারী চিৎকার করলে তার স্বামী ঘটনাস্থলে ছুটে এসে হাসানকে মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন। পরে বাড়ির মালিক এবং অন্যান্য ভাড়াটিয়াদের উপস্থিতিতে অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ভুক্তভোগী নারীর ভিডিও ছাড়াও একই বাড়িতে বসবাসকারী আরও কয়েকজন নারী ও তরুণীর গোপনে ধারণ করা নগ্ন ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়েছে, হাসান দীর্ঘদিন ধরে নারীদের অজান্তে ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন এবং বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছেও পাঠাতেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম জানান, অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত পরীক্ষা করে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।