গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে দামুড়হুদা শহরে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু। মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে না এলেও মিছিলের দুই দিন পর, শুক্রবার (৫ জুন) দুপুরে এর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি মশাল হাতে সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে এখনই নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকাজুড়ে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।