৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজে নিয়মিত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আরও ২৯ জনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’ এ ব্যতিক্রমী আয়োজন করে।

অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের নিয়মিত নামাজ ও মসজিদমুখী করতে উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা। তারা বলেন, নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় ও নৈতিক চর্চার কোনো বিকল্প নেই।

আয়োজকরা আরও বলেন, শিশু-কিশোরদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সামাজিকভাবে এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। এদিকে পুরস্কার পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে। তাদের অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান স্থানীয়রা।