
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় গত দুইদিন ধরে অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৬ জন শিশু, ১২ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, বাংগাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃক ওই ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির তাৎক্ষণিক ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা প্রতিহত হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। পরবর্তীতে সীমান্তের ১৫০ গজের মধ্যেও তাদের কোনো অবস্থান বা চলাচল দেখা যায়নি। এতে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এর আগে গত ৪ জুন ভোরে বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সতর্ক অবস্থান ও দ্রুত তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছিলেন এবং ঝড়বৃষ্টি উপেক্ষা করে দুই দিন সেখানে অবস্থান করেন।
বিজিবি জানিয়েছে, পুরো সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :